জাতীয়
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার কথাও জানান তিনি।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও আর্থিক সংকট বিবেচনায় নিয়ে সরকারিভাবে বিশেষ ভাতা চালু করা হবে। বিষয়টি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে জোরালো প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান থাকবে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এ ধরনের আন্দোলন ও ন্যায়বিচারের লড়াইয়ে সরকার সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন শুধু শোক প্রকাশের সময় নয়, অধিকার আদায় ও ন্যায়বিচার নিশ্চিত করার সময়। তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতীয় সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারগুলো রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলে ধরেন এবং তাদের দীর্ঘদিনের কষ্ট ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।