জাতীয়

বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে চায় সৌদি আরব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে চায় সৌদি আরব
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতের উন্নয়নে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বুধবার (১৫ জুলাই) রাজধানীর বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

সফররত সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠকে দ্বিপাক্ষিক বিনিয়োগের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ ও বেসরকারি খাতকে এগিয়ে নেওয়ার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এসব উদ্যোগ সৌদি আরবের অর্থনৈতিক রূপকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ জানান, সৌদি আরব নিজেকে একটি বৈশ্বিক লজিস্টিকস কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে এবং এ লক্ষ্যে তাদের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বিনিয়োগে উৎসাহ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে সৌদি কোম্পানির কার্যক্রম আরও সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করেন তিনি।

সৌদি বিনিয়োগের সফল উদাহরণ হিসেবে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের কার্যক্রমের কথা তুলে ধরা হয়। জানানো হয়, এ টার্মিনালের অধিকাংশ কর্মীই বাংলাদেশি এবং এটি সামুদ্রিক খাতে আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠক শেষে আশিক চৌধুরী বলেন, লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থার মতো খাতে সৌদি আরবের আগ্রহ বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি আর্থিক খাতেও সৌদি বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ।

তিনি আরও জানান, বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে ইতোমধ্যে বেশ কয়েকটি সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু হয়েছে, যাতে আলোচনা দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যায়।

দুই দেশের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেছেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন বিনিয়োগ প্রকল্প বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে।