জাতীয়

এডিবির নামে ভুয়া ঋণের ফাঁদ, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

এডিবির নামে ভুয়া ঋণের ফাঁদ, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান
ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর নাম ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা নিয়ে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় এডিবি জানায়, তারা কখনোই ব্যক্তিগতভাবে কাউকে সরাসরি ঋণ, অনুদান বা কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একইসঙ্গে, কোনো আর্থিক সহায়তার নামে ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাবের বিবরণ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ জমা দিতে বলে না প্রতিষ্ঠানটি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, সম্প্রতি একটি প্রতারক চক্র এডিবির নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট ও ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ তৈরি করছে। এমনকি জাল পরিচয়পত্র ব্যবহার করেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসবের মাধ্যমে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা চলছে, যার সঙ্গে এডিবির কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি।

এই পরিস্থিতিতে, এডিবির নামে আসা কোনো ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি, এ ধরনের সন্দেহজনক যোগাযোগ পেলে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এডিবি আরও জানায়, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। তাই ব্যক্তি পর্যায়ে এডিবির প্রতিনিধি পরিচয়ে কোনো ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব এলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

সংস্থাটি জানিয়েছে, এডিবির নাম, কর্মকর্তা বা অফিসের ঠিকানা ব্যবহার করে পরিচালিত প্রতারণা সম্পর্কে বিস্তারিত তথ্য ও সতর্কতার নির্দেশনা তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক বর্তমানে ৬৯টি দেশের সদস্যভুক্ত একটি সংস্থা, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করে যাচ্ছে।