জাতীয়

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:১১ পিএম

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন
ছবি: সংগৃহীত

দেশের বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বস্ত্রকল মালিক সমিতির সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানান।

বৈঠকে সমিতির নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে খাতটির টেকসই উন্নয়নে সরকারের নীতিগত ও সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি খাতটির উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং বিদ্যমান সংকট পর্যালোচনা ও সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন।

বৈঠক শেষে শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের। অতীতের কোনো সরকার এসব জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে পারেনি। তবে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবুও পুরো সংকট কাটিয়ে উঠতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। এ সময় পর্যন্ত উদ্যোক্তারা সরকারের পাশে থাকবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার আন্তরিকভাবে কাজ করলে বস্ত্র খাত আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ এবং খাতটির আর্থিক সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

শওকত আজিজ রাসেল জানান, সরকার ইতোমধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নতুন গঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালুর সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশে অন্তত ১৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বৈঠকে বাংলাদেশ বস্ত্রকল মালিক সমিতির সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, প্রকৌশলী রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।