জাতীয়

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশের অবস্থান কোথায়?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশের অবস্থান কোথায়?
ছবি: সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে কিছুটা উন্নতি করেছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত তালিকায় তিন ধাপ এগিয়ে দেশের অবস্থান দাঁড়িয়েছে ৯৭তম। এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রয়েছে উত্তর কোরিয়া।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) তাদের সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করে। এতে দেখা যায়, তালিকার শীর্ষে আগের মতোই রয়েছে সিঙ্গাপুর, আর একেবারে নিচে অবস্থান করছে আফগানিস্তান।

এই সূচক তৈরি করা হয় মূলত একটি দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করতে পারেন, সেই সক্ষমতার ভিত্তিতে। ২০২৬ সালের সূচকে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় মোট ৩৫টি দেশে যেতে পারেন। যদিও গত বছর এই সংখ্যা ছিল ৩৭টি। ফলে র‌্যাংকিংয়ে উন্নতি হলেও ভ্রমণসুবিধার ক্ষেত্রে কিছুটা হ্রাস লক্ষ্য করা গেছে।

সূচকে বাংলাদেশের নিচে অবস্থান করছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। অন্যদিকে, সিঙ্গাপুরের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন, যা বিশ্বের সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত যাদের পাসপোর্টে ১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে।

গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, বাংলাদেশের অবস্থানে ওঠানামা থাকলেও খুব বেশি উন্নতি হয়নি। ২০২৫ সালে অবস্থান ছিল ১০০তম, ২০২৪ সালে ৯৭তম এবং ২০২০ সালে ৯৮তম। পরবর্তী তিন বছরে অবস্থান নেমে গিয়েছিল আরও নিচে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ভ্রমণ সুবিধা গত দুই দশকে বেড়েছে। তবে ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে দেশভেদে পাসপোর্ট শক্তির ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠছে। যেখানে সিঙ্গাপুরের নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন, সেখানে আফগানিস্তানের নাগরিকদের জন্য সেই সুযোগ মাত্র ২২টি দেশে সীমাবদ্ধ।