জাতীয়
মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
তবে তার পদত্যাগপত্রের ভাষা ও বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। একই দিন বিকেল ৫টা ২১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সংশয় প্রকাশ করেন।
পোস্টে শিশির মনির লেখেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে এত বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন কেন এ প্রশ্ন থেকেই যায়। পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি নিজে লিখেছেন কি না, নাকি তাকে দিয়ে এমনভাবে লেখা হয়েছে সেটিও তিনি জানতে চান।
তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী করণীয় বিষয়গুলো পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সেখানে বলা হয়েছে, তার ‘সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হয়নি’। কিন্তু অসুস্থতার কারণে পদত্যাগের সঙ্গে এ ধরনের বক্তব্যের সম্পর্ক কী তা নিয়েও প্রশ্ন তোলেন এই আইনজীবী।