জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগে ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার, স্পিকারের চেয়ারে কায়সার কামাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগে ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার, স্পিকারের চেয়ারে কায়সার কামাল
ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যাওয়ায় সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব পালনের জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং সাংবিধানিক বিধান অনুসারে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন।

তিনি আরও বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজন অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করা হয়ে থাকে। একইভাবে ডেপুটি স্পিকারও স্পিকারের দায়িত্ব পালনের জন্য আগেই শপথ নিয়ে থাকেন।

সংবাদ সম্মেলনে ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।