জাতীয়

নিজেই গাড়ি চালিয়ে ঢাকার সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:২১ পিএম

নিজেই গাড়ি চালিয়ে ঢাকার সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে দেখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই পরিদর্শনে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর একাধিক এলাকা ঘুরে দেখেন। তার নির্ধারিত রুটে ছিল ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট সড়ক, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ সড়ক, ইকবাল সড়ক, তাজমহল সড়ক, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী।

পরিদর্শনকালে ঢাকার উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সামগ্রিক নগরসেবার অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি সরাসরি মাঠপর্যায়ে পরিস্থিতি যাচাই করছেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতেও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। সে সময় গভীর রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়কবাতির কার্যকারিতা, ফুটপাতের অবস্থা এবং রাতের যান চলাচলসহ নগরসেবার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।