জাতীয়

এলডিসি উত্তরণে ইউএনডিপির সহায়তা চাইল বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

এলডিসি উত্তরণে ইউএনডিপির সহায়তা চাইল বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ায় সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বৃহত্তর জাতিসংঘ ব্যবস্থার সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নবনিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করতে গেলে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাতে ড. খলিলুর রহমান নবনিযুক্ত ইউএনডিপি আবাসিক প্রতিনিধিকে স্বাগত জানিয়ে দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএনডিপি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। বিশেষ করে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে সংস্থাটির সহযোগিতা দেশের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এলডিসি থেকে উত্তরণের পর নতুন বাস্তবতায় উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায়ও ইউএনডিপির সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

জবাবে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ বৈশ্বিক পরিসরে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদর্শন করছে।

এ সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। তিনি এ অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা এবং বৈশ্বিক পরিসরে দেশের গঠনমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।