জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সকাল ১১টার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
অলি আহমেদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
দুপুর ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন।