জাতীয়

গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ ও গ্যাসের সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংকট সমাধানে সরকার নিরলসভাবে কাজ করছে।

আজ রবিবার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট অতীত থেকে পাওয়া। এটি ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। ন্যূনতম দুই বছর সময় লাগবে। তবে সংকট সমাধানে সরকার কোনো সময় নষ্ট করছে না।

তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ ও গ্যাসের এই সমস্যা নিয়ে লড়াই করছি।’ দেশের অর্থনীতি এগিয়ে নিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি এনার্জি মিক্স তৈরির পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া আর্থিক সংকট কাটিয়ে দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। পাশাপাশি কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে ব্যবসার পরিবেশ উন্নত করতে সরকার কাজ করছে।

দেশের পুঁজিবাজারও আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। তিনি জানান, জেপি মরগানের মতো বিদেশি প্রতিষ্ঠানও বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।