জাতীয়
যেকোনো সময় মন্ত্রিসভায় রদবদল, প্রস্তুত রাখা হয়েছে গাড়ি
মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের জোরালো আভাস পাওয়া গেছে। আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার যেকোনো সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এরই মধ্যে নতুন সদস্যদের জন্য কয়েকটি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের মাধ্যমে ৬ থেকে ৭ জনের জায়গা হতে পারে। এবার বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং জোটের শরিকদের মধ্য থেকে কয়েকজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী করার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের নামও নতুন মন্ত্রিসভায় যুক্ত হওয়ার আলোচনায় রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন সদস্যদের জন্য ৩ থেকে ৫টি গাড়ি, শপথের ফোল্ডার ও দাওয়াতপত্রসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ হতে পারে বলেও জানান তিনি।
এদিকে সরকারি যানবাহন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ থেকে ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। পতাকাবাহী গাড়ি, নির্ধারিত চালকসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে অধিদপ্তর।
নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পরিবর্তনের বিষয়টিও প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।