জাতীয়
তথ্যমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন আন্দালিব রহমান পার্থ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় রদবদল হতে যাচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এ ছাড়া সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।
বর্তমানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। ওই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানা গেছে।
এদিকে আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আব্দুল মতিন সাউদ। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বিষয়ে মোহাম্মদ শামীম কায়সার লিংকন জানান, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। অন্যদিকে সাচিং প্রু জেরী জানিয়েছেন, তাকে ফোন করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।