জাতীয়
মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয় এ ঘোষণা দিয়েছে।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
এদিকে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।