জাতীয়

পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, ভাবছে ইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, ভাবছে ইসি
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও পাবলিক পরীক্ষার সময়সূচির কথা বিবেচনা করে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার কথা ভাবছে কমিশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে না। পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি ও তারিখ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

ইসি কমিশনার বলেন, পাবলিক পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকতে হয়। এ কারণে একই সময়ে বড় পরিসরে নির্বাচন আয়োজন করা বাস্তবিকভাবেই কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের পরীক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি-দুই বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এ বিষয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালির কোনো নজির নেই। তবে নির্বাচন আয়োজনের উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা সরকারের কাছে চাওয়া হয়েছে। ওই তালিকা পাওয়ার পর বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাস্তবতার নিরিখেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এবং সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে জানুয়ারিতে নির্বাচন শুরু হলেও তা একসঙ্গে নাকি ধাপে ধাপে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।