রাজনীতি
নৌকা থাকলে গণতন্ত্রের পরিবেশ থাকত: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একসময় নৌকা ও ধানের শীষ-দুটি প্রতীকই ছিল। কিন্তু এবারের নির্বাচনে নৌকা নেই।
নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে বিপদে ফেলে দেশ ছেড়ে ভারতে চলে গেছেন এবং এখন দিল্লিতে অবস্থান করছেন। তিনি থাকলে দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “যারা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারাই আজ আবার ভোট চাইতে মাঠে নেমেছে। যে দল স্বাধীনতাকে বিশ্বাস করে না, দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না—তাদের হাতে দেশ তুলে দিয়ে আমরা দেশের সর্বনাশ করতে পারি না।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি মাঠে রয়েছে। ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী শক্তিকেই সমর্থন দিতে হবে।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা এ সময় নির্বাচনী স্লোগান ও বক্তব্যের মাধ্যমে দলের পক্ষে জনসমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা রাখেন।