রাজনীতি
‘তারেক মনোয়ারের বক্তব্যের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই’
ইসলামি শিক্ষাব্যবস্থা ‘দরসে নেযামী’র আলেমদের নিয়ে সম্প্রতি মাওলানা তারেক মনোয়ারের দেওয়া বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব এবং এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে দলটি। সেই সঙ্গে এ বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপানোর প্রতিবাদ জানিয়েছে তারা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, “কয়েক দিন আগে মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেযামীর আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তিনি ইতিমধ্যে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতে ইসলামী’র ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।”