রাজনীতি
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে- জামায়াত সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নতুন ছাত্রসংগঠনের একজন নেতার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে পরওয়ার বলেন, “তারা বলছে জামায়াতে ইসলামীর সংস্কারে আগ্রহ নেই, সংলাপে অংশগ্রহণ করেনি। অথচ ঐকমত্য কমিশনে সবচেয়ে আগে পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা আমরা জমা দিয়েছি—ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টসহ। এ নিয়ে যারা সমালোচনা করছে, তারা আসলে চায় আমরা যেন পাল্টা সমালোচনায় যাই। অথচ আমরা তাদের নামই নিচ্ছি না।”
সমাবেশে গোলাম পরওয়ার বলেন, “একটা ধারণা তৈরি হয়েছে, হিন্দু মানেই নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখিয়ে দেবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের সব শাসন থেকে নিরাপদ থাকবেন, ইনশাআল্লাহ।”
তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা ছাত্রশিবির সভাপতি জুবায়ের হোসেনসহ অনেকে।