রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম

হাদি হত্যার বিচার দাবিতে ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার, পাশাপাশি দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এ কর্মসূচি শুরু হবে।

দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক এক বৈঠকে এই মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার (২২ ডিসেম্বর) রাতে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা একটি সমন্বয় সভা করেন, যেখানে কর্মসূচি সফল করার সার্বিক প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে ১০ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জামায়াতে ইসলামী। ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে এবং সাংগঠনিকভাবে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশজুড়ে ছড়িয়ে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। এই দুটি মৌলিক দাবি পূরণ না হলে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব নয়।”

দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এবং জনগুরুত্বপূর্ণ দাবিগুলো সরকারের সামনে জোরালোভাবে তুলে ধরতেই জামায়াতে ইসলামী এই মহাসমাবেশ আয়োজন করতে বাধ্য হচ্ছে।

তিনি আরও জানান, মহাসমাবেশ থেকে দেশ ও জনগণের স্বার্থে রাজপথে দৃঢ় ও স্পষ্ট বার্তা দেওয়া হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসতে পারে।