রাজনীতি
জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী ৫০ হাজারেরও বেশি ভোটে হারলেন
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। বিপরীতে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আমীর এজাজ খান বিপুল ভোটে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৩৪।
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হয়। একই দিনে দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
ভোটের শুরুর দিকে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়ে। বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন নাগরিকরা। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮০ জন। নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
খুলনা-১ আসনের ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।