রাজনীতি
সাংবাদিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের আহ্বান জামায়াত সেক্রেটারির
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস দ্রুত পরিশোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসে তিনি বলেন, ঈদকে সামনে রেখে অনেক সাংবাদিক ও কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস বকেয়া থাকার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।
গোলাম পরওয়ার উল্লেখ করেন, ঈদ আনন্দ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব হলেও অনেক সাংবাদিক তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রতিদিন সত্য তুলে ধরেন এবং মানুষের কথা বলেন, তাদের এ ধরনের অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সকল বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা উচিত। সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাকে তিনি একটি সম্মিলিত নৈতিক দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন।
পরিশেষে, সাংবাদিক সমাজসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি।