রাজনীতি

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:০০ পিএম

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২২ জুন) সংসদের সংশ্লিষ্ট দপ্তরে এই উপহার পৌঁছে দেওয়া হয়। সংসদ সূত্রে জানা গেছে, প্রতিটি প্যাকেটে ১০ কেজি ওজনের উন্নত মানের মৌসুমি আম ছিল। বিরোধী দলের নেতার কার্যালয়ের প্রতিনিধিরা শৃঙ্খলাবদ্ধভাবে সংসদ ভবনের প্রতিটি দপ্তরে গিয়ে এই উপহার পৌঁছে দেন। সকাল থেকেই প্যাকেটগুলোর ভেতরে কী রয়েছে তা নিয়ে সংসদ ভবনের করিডোরে কৌতূহল তৈরি হয়।

এই উপহার বিতরণের বিশেষ দিক ছিল সবার মধ্যে সমানভাবে বণ্টন। সাধারণত সংসদীয় সংস্কৃতিতে কেবল উচ্চ পর্যায়ের ব্যক্তিরাই এ ধরনের উপহারের অন্তর্ভুক্ত থাকেন, তবে এই উপহারের তালিকায় সংসদ সচিবালয়ের পরিচ্ছন্নতা কর্মী, দফতরি, লিফট অপারেটর ও গাড়িচালকরাও অন্তর্ভুক্ত ছিলেন।

সংসদ সচিবালয়ের একজন সহকারী কর্মচারী প্রতিক্রিয়ায় জানান, বড় বড় নেতাদের উপহার তারা সাধারণত দূর থেকেই দেখেন, তবে বিরোধী দলের নেতা তাদের কথাও মনে রেখে ১০ কেজি আম পাঠিয়ে সম্মানিত করেছেন।