রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত উদযাপন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা।

কর্মসূচীগুলো হলো-

১। আগামী ৩১ আগস্ট বেলা ২ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জেষ্ঠ্য নেতারাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করবেন।

২। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অর্থাৎ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

৩। ১ সেপ্টেম্বর সকাল ১১ টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা ও সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। ওইদিন দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে।

৪। দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী হবে ২ সেপ্টেম্বর।

৫। উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর।

৬। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

৭। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে।

৮। সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপি’র উদ্যোগে গোলটেবিল বৈঠক।

৯। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী- (ক) সাংস্কৃতিক অনুষ্ঠান (খ) বৃক্ষ রোপণ অভিযান (গ) মৎস্য অবমুক্তকরণ (ঘ) ফ্রি মেডিকেল ক্যাম্প (ঙ) ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।