রাজনীতি
নির্বাচন বাধাগ্রস্ত করতে এলে তরুণরা আবারও রাস্তায় নামবে: সেলিমা রহমান
বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির নির্বাচন কোনভাবেই বাধাগ্রস্ত করা যাবে না, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, প্রয়োজনে তরুণ নেতারা আবারও রাস্তায় নেমে আসবে দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য।
শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রজন্ম ৭১-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সেলিমা রহমান।
তিনি বলেন, “নির্বাচন হবে, আর যে রোডম্যাপ চূড়ান্ত হয়েছে, সেটিই অনুসরণ করা হবে। যদি কেউ বাধা দেয়, তবে তরুণরা আবারও রাস্তায় নেমে দেশের গণতন্ত্র রক্ষা করবে। কোনো পিআর পদ্ধতি নয়, মানুষ নিজের পছন্দমতো ভোট দেবে।”
বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেলিমা রহমান জানান, “আমরা এখন কঠিন অবস্থায় আছি, বিশেষত বিএনপির জন্য। স্বৈরাচারের দোসরদের পদধ্বনি এখনো শোনা যাচ্ছে, এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।”
তিনি সরকারের কাছে একটি একক দাবি তুলেন: “আমাদের একটাই দাবি, সেটা হলো দ্রুত নির্বাচন। গত ১০ বছর একটি রাজনৈতিক দল শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যস্ত ছিল, জনগণের কথা ভাবেনি। এখন একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে।”
এছাড়া, গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে সেলিমা রহমান বলেন, “নূরের অবস্থা এখন খুব খারাপ। এই অরাজকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী কারা? আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরই গণতন্ত্র রক্ষা করতে হবে।”