রাজনীতি
দলীয় পদ ফেরত পেলেন বিএনপির দুই নেতা
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া বিএনপির দুই নেতাকে আবারও প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করেছে দলটি। পদ ফিরে পাওয়া নেতারা হলেন চট্টগ্রাম উত্তর জেলার বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী এবং সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ আরফান সরকার রানা।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিদারুল আলম মিয়াজী এবং রিয়াদ আরফান সরকার রানাকে আগে দলের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছিল।
তবে তাদের লিখিত আবেদন ও আত্মপক্ষ সমর্থনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর ফলে দুই নেতা এখন থেকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন।
দলীয় সূত্র জানায়, সংগঠনের ঐক্য অটুট রাখা ও মাঠ পর্যায়ের নেতৃত্বে গতিশীলতা ফেরাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।