রাজনীতি

খালেদা জিয়াকে দেশের মানুষ নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

খালেদা জিয়াকে দেশের মানুষ নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সাধারণ মানুষ এখনো দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতৃত্বের শীর্ষস্থানে দেখতে আগ্রহী।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মহিলা দলের উদ্যোগে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী দাবি করেন, “কোটি মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে। অসুস্থতা ও নানান প্রতিকূলতার মধ্যেও তিনি দেশ ত্যাগ করেননি।” বর্তমান সরকার তার শারীরিক অবস্থাকে হালকা করে দেখানোর চেষ্টা করেছে বলেও তিনি অভিযোগ করেন।

তার ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়ার অটুট মনোবল বিএনপি নেতাকর্মীদের সাহস জুগিয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন যে, শেখ হাসিনা দেশের সম্পদ বিদেশে নিয়ে যাওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছেন এবং অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া সোনা তার কথার প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন।

রিজভী বলেন, “একদিকে খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার টানে দেশ ছাড়েননি, অন্যদিকে সম্পদ লুট করে পালিয়ে গেছেন শেখ হাসিনা।”

শেষে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।