রাজনীতি

ঢাকা-১২ আসনে নীরবের কপালে ভাঁজ, ফুরফুরে মেজাজে সাইফুল হক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

ঢাকা-১২ আসনে নীরবের কপালে ভাঁজ, ফুরফুরে মেজাজে সাইফুল হক
ছবি: সংগৃহীত

আসন সমঝোতার রাজনীতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১২ আসন ছেড়ে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে মনোনয়ন সংগ্রহ করে মাঠে সক্রিয় থাকলেও শেষ পর্যন্ত সরে যেতে হচ্ছে বিএনপি নেতা সাইফুল আলম নীরবকে। এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, আসন সমঝোতার অংশ হিসেবে সাতটি সংসদীয় আসনে রাজনৈতিক মিত্রদের প্রার্থী সমর্থন দেবে বিএনপি।

সংবাদ সম্মেলনে জানানো আসনগুলো হলো— নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬, নুরুল হক নুর পটুয়াখালী-৩, রাশেদ খান ঝিনাইদহ-৪, মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ এবং ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপি সূত্র জানায়, মিত্রদের কেউ কেউ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন, আবার কেউ নিজ দলের প্রতীকেই লড়বেন। তবে এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

এর আগে গত সোমবার ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব। মনোনয়ন সংগ্রহের পর থেকেই এলাকায় নিয়মিত গণসংযোগ ও প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের সময় নীরব বলেছিলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর মনোনয়ন জমা দেব। এলাকায় ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যাপক সাড়া পাচ্ছি।” তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের প্রতিশ্রুতি দেন।

তবে আসন সমঝোতার সিদ্ধান্তে শেষ পর্যন্ত তাকে এই আসন ছাড়তে হচ্ছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

অন্যদিকে, সাইফুল হক প্রথমে ঢাকা-৮ আসন থেকে নির্বাচনের চেষ্টা করলেও সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রার্থী হওয়ায় তিনি বিকল্প হিসেবে ঢাকা-১২ আসনে আগ্রহ দেখান। শেষ পর্যন্ত বিএনপি এই আসনটিই সাইফুল হকের জন্য ছেড়ে দেয়।

উল্লেখ্য, ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাইফুল আলম খান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এই আসনে আসন্ন নির্বাচন রাজনৈতিকভাবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।