রাজনীতি

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রুহুল কবির রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শেখ হাসিনাকে ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়েছেন। বুধবার রাজধানীর গুলশানে জুলাই গণ-অভ্যুত্থান এবং গত ১৭ বছরের আন্দোলনের চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিশ্বের বিভিন্ন ফ্যাসিস্ট শাসকের সঙ্গে শেখ হাসিনার মৌলিক পার্থক্য রয়েছে। তার দাবি, নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনি মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার জন্য দায়ী হলেও নিজেদের দেশকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন। বিপরীতে শেখ হাসিনার শাসনের লক্ষ্য ছিল রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে তা আত্মীয়স্বজনের মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়া।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে তা দীর্ঘস্থায়ী করতে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তার মতে, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থী, সাধারণ মানুষ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন।

রিজভীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিশু থেকে শুরু করে রেস্টুরেন্টকর্মী, ফল বিক্রেতা ও সাংবাদিক পর্যন্ত নিহত হয়েছেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ, যা অত্যাচারের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ হিসেবে দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, জনগণের শক্তি অনুধাবন করতে না পারায় শেখ হাসিনা বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন। তবে আন্তর্জাতিক অঙ্গনেও সেই সরকার ব্যাপক সমর্থন পায়নি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা জানান, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।