রাজনীতি

অপসংস্কৃতি বন্ধ করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে: চরমোনাই পীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম

অপসংস্কৃতি বন্ধ করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে: চরমোনাই পীর
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, গত ৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতির অবসান ঘটাতে হলে আসন্ন জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা জরুরি।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, "বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের প্রকৃত মতামতকে প্রতিফলিত করে না। এতে রাজনৈতিক বৈষম্য ও অস্থিরতা সৃষ্টি হয়, আর শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত হন, মালিক শ্রেণি আরও প্রভাবশালী হয়ে ওঠে।"

তিনি বলেন, "ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করে আসছে। এখন সময় এসেছে এই দাবিকে জাতীয় ঐক্যের প্ল্যাটফর্মে রূপ দেওয়ার। ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টনের মাধ্যমেই সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব। এতে ছোট ও নতুন রাজনৈতিক দলগুলোও মত প্রকাশের সুযোগ পাবে। জাতীয় ঐক্য ও স্থিতিশীলতাও নিশ্চিত হবে।"

সমাবেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে। এখন দেশে ইসলামকে ক্ষমতায় আনার মতো অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, "ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে মানুষ ও পশু খাদ্যের জন্য লড়বে না, মালিক-শ্রমিক দ্বন্দ্ব থাকবে না।"

সমাবেশে ঢাকাসহ আশপাশের জেলার হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।