রাজনীতি
জিএম কাদের রাতের অন্ধকারে জোর করে সিগনেচার নিয়েছিলেন: জাতীয় পার্টির নেতা
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেছেন, বর্তমান চেয়ারম্যান জিএম কাদের রাতের অন্ধকারে জোর করে সিগনেচার নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন।
তিনি বলেন, “তৎকালীন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ খুব অসুস্থ ছিলেন। সেই অবস্থায় রাতের আঁধারে জিএম কাদের বেআইনিভাবে চেয়ারম্যান পদে আসেন।”
মঙ্গলবার (৮ জুলাই) গুলশানে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতাদের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি আরও বলেন, “জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রতিটি সিদ্ধান্ত স্বৈরাচারী ও দলবিরোধী। আমরা এখনো স্বপদে বহাল রয়েছি। কাউন্সিল ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। আমরা চাই সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হোক। জিএম কাদের কেন তা করতে ভয় পান?”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন দল থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ ও সৈয়দ আবু হোসেন বাবলা।
বক্তারা জানান, তারা জাতীয় পার্টিকে দল হিসেবে টিকিয়ে রাখতে চান, কিন্তু নেতৃত্বে সংস্কার জরুরি। কাউন্সিল ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বহিষ্কারকে তারা অগণতান্ত্রিক হিসেবে অভিহিত করেন।
জাতীয় রাজনীতিতে এ ঘটনায় জাতীয় পার্টির ভবিষ্যৎ গঠন ও অভ্যন্তরীণ বিরোধ নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।