রাজনীতি
বিচার-সংস্কার বাস্তবায়নে প্রয়োজন হলে আবারও গণঅভ্যুত্থান: হাসনাত
বিচার ও রাজনৈতিক সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হলে আবারও গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, “জুলাই বিপ্লব কোনো মব ছিল না, বরং এটি ছিল জনগণের জাগরণ। আজ যারা ৩২ নম্বর ভাঙাকে মব বলছে, কাল তারাই এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানকেও তেমন বলে অবমূল্যায়ন করবে।”
শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এনসিপির যশোর জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “কেউ কেউ আমাদের নির্বাচনবিরোধী হিসেবে ট্যাগ দেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, এনসিপি কখনোই নির্বাচনবিরোধী নয়। আমরা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষেই আছি। তবে তার আগে প্রয়োজন বিচারব্যবস্থার সংস্কার, শহীদ ও আহতদের মর্যাদা নিশ্চিতকরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের দাবিগুলোর বাস্তবায়ন। না হলে প্রয়োজনে আরেকবার জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণঅভ্যুত্থানে যাব। যারা এর বিরোধিতা করবে, তাদের লাল কার্ড দেখানো হবে।”
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত বছর পার হলেও আমাদের আত্মত্যাগের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা মর্যাদা এখনো দেওয়া হয়নি। বারবার দাবি জানানো সত্ত্বেও কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।”
নেতারা তাদের আশ্বস্ত করে জানান, আগামী জাতীয় নির্বাচনের আগেই এনসিপি ‘জুলাই সনদ’ প্রকাশ করবে। এর মাধ্যমে শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদার আওতায় আনা হবে এবং তাদের পূর্ণাঙ্গ সম্মান ও সহায়তা নিশ্চিত করা হবে।
এ সময় এনসিপি নেতারা সরকারকে আহ্বান জানান, “জুলাই গণঅভ্যুত্থানকে জাতীয় ইতিহাসে যথাযথ মর্যাদা দিতে হবে এবং শহীদ পরিবারগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।”
সভায় নাসিরউদ্দীন পাটোয়ারী জানান, চলতি বছর দেশের বিভিন্ন জেলায় গণশুনানি ও সফরের মাধ্যমে শহীদ ও আহত পরিবারের তথ্য সংগ্রহ করা হবে এবং তা দলীয়ভাবে সংরক্ষণ ও উপস্থাপন করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টায় যশোর শহরে একটি পদযাত্রা এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশে একটি পথসভা কর্মসূচি পালন করবে এনসিপি।