রাজনীতি

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, প্রার্থীদের জন্য মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে মূল্য রাখা হয়েছে মাত্র ২ হাজার টাকা।

তিনি আরও বলেন, মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। এরপর ১৫ নভেম্বর প্রার্থীদের প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, রাজনৈতিক সংস্কার ও বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমানে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তবে এটি কোনো নির্বাচনী জোট নয়, বরং রাজনৈতিক ঐক্য গঠনের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা। তিনি জানান, “আজ থেকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রার্থীরা তিনটি উপায়ে ফরম সংগ্রহ করতে পারবেন- কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে এবং দলীয় দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “আমরা প্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার সুযোগও রেখেছি, যাতে যে কেউ সহজেই ঘরে বসে আবেদন করতে পারেন।”

এনসিপি সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি নির্বাচনী আসনে প্রার্থী দিতে চায় দলটি। মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে তারা প্রার্থীদের যোগ্যতা ও জনপ্রিয়তা যাচাই করবে বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব।