রাজনীতি

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এই তিন দল সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আজ রবিবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট ঘোষিত হবে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় জোট ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তায় তিনি জানান, “জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী রাজনৈতিক শক্তিগুলোর ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” ঘোষণার এই অনুষ্ঠানে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়াও গণমাধ্যমকে নতুন জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। মঞ্জু জানান, “নতুন রাজনৈতিক কাঠামো ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা সামনে রেখে আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন জোট বা ঐক্য প্রচেষ্টার ঘোষণা দেব।”

তিনি আরও বলেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ আরও কয়েকটি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।”

নেতারা মনে করছেন, নতুন এই জোটের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন সমন্বিত ধারা তৈরি হবে, যা ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।