রাজনীতি
খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস আলম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে সারজিস আলম বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি ভাইয়ের খুনিদের ভারত থেকে ফিরিয়ে না আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে।”
তিনি আরও বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়; এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এই হত্যার বিচার নিশ্চিত করা এবং দায়ীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনা না হলে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পর দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
হাদির মৃত্যুর পর দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন এই হত্যাকাণ্ডের বিচার, দোষীদের গ্রেপ্তার এবং আন্তর্জাতিকভাবে দায়ীদের ফেরত আনার দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে।