রাজনীতি

এনসিপি খুলনা বিভাগীয় আহ্বায়ককে মাথায় গুলি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

এনসিপি খুলনা বিভাগীয় আহ্বায়ককে মাথায় গুলি
এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার। ছবি: সংগৃহীত

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে।

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে খুলনায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানান, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

হামলার পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে দলীয় নেতারা এটিকে পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে ওসমান হাদির মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়।

পরপর রাজনৈতিক নেতাদের ওপর এ ধরনের হামলার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে।