রাজনীতি
প্রশ্ন নাহিদ ইসলামের
‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারাদেশে কীভাবে করবে?’
স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজ জেলার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারাদেশে মাদক ও আইনশৃঙ্খলা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দলের এক সদস্য কক্সবাজারকে মাদক কারবারের সূতিকাগার হিসেবে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের এলাকাতেই মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হন, তাহলে তিনি কীভাবে সারাদেশে মাদক নির্মূল করবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন।
তিনি আরও বলেন, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করে তারপর দেশের অন্যান্য অঞ্চলে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ থেকে পদযাত্রার সূচনা করা হয়। সমাবেশে দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।