রাজনীতি
খামেনির জানাজায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র শহর কোমের একটি সড়কে বড় একটি বাকেট হাতে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বাকেটটিতে ছোট ছোট প্যাকেটে খাবার ছিল, যা তিনি নিজ হাতে জানাজায় অংশগ্রহণকারী নারী, পুরুষ ও শিশুদের মধ্যে বিতরণ করেন।
এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে খাবার গ্রহণ করেন। তবে খাবারের প্যাকেটে ঠিক কী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ মঙ্গলবার পবিত্র শহর কোমে পৌঁছেছে। টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছে বিপুলসংখ্যক মানুষ। কোমে আরেক দফা জানাজা শেষে মরদেহ নেওয়া হবে ইরাকের নজফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাসের মাজারে।
পরবর্তীতে বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। এর আগে গত ৩ জুলাই জানাজায় অংশ নিতে ইরানে পৌঁছান নাসীরুদ্দীন পাটওয়ারী।