রাজনীতি
একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় ছাত্রদল ও এনসিপি
জাতীয় শহীদ মিনারে একই দিনে সমাবেশ করতে চায় ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৩ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় সমাবেশ আয়োজন করতে চায় দুই সংগঠনই। ফলে স্থান নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
সোমবার (২৮ জুলাই) বিকেলে শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
তারা জানান, জুন মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে ৩ আগস্ট শহীদ মিনারে কর্মসূচির অনুমতি নিয়েছেন তারা। এরই মধ্যে এনসিপি একই জায়গায় একই দিনে কর্মসূচি করতে চাওয়ায় জটিলতা তৈরি হয়েছে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "আমরা আগেই প্রোগ্রামের অনুমতি নিয়েছি। এনসিপির নেতারা এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, একাধিকবার কল দিয়েছেন, বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলেছেন। তারা অনুরোধ করেছেন যেন তারাও ওইদিন এখানে সমাবেশ করতে পারেন। বিষয়টি আমরা কেন্দ্রীয়ভাবে বিবেচনা করব। তবে এখন পর্যন্ত আমাদের ভেন্যু শহীদ মিনারই।"
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “আমাদের কর্মসূচি মাসব্যাপী। ৩ আগস্টের সমাবেশও অনেক আগেই পরিকল্পিত। এখন যদি প্রশাসন অন্য কাউকে একই স্থানে সমাবেশের অনুমতি দেয়, তাহলে সেটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারে। এটা প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলবে।”
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, একই সময় ও একই স্থানে দুটি রাজনৈতিক সংগঠনের সমাবেশ সম্ভব নয়। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।