রাজনীতি
পলাশবাড়ীতে ধানের শীষের নির্বাচনী প্রচারে যুব জামায়াতের হামলার অভিযোগ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৩ নম্বর বরিশাল ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় বাধা এবং হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হামিদুল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় যুবদলের এক নেতাসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সাবদিন নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করা এবং ধানের শীষের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে যুবদল নেতা মশিউরসহ ১০-১২ জন নেতাকর্মী সাবদিন বাজার এলাকায় প্রচারণা চালানোর সময় ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হামিদুলের নেতৃত্বে ১৫-১৭ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এতে ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন ৩ নম্বর বরিশাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মশিউরসহ (২২) হামলায় আহত গুরুতর জখম ব্যক্তিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত মশিউর পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান, সহসভাপতি আজাদুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক মোতাল্লীব সরকার বকুল, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিক্সন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা, পৌর যুবদলের আহ্বায়ক লতিফ আকন্দ, সদস্য সচিব হেমায়েতুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন, সরকারি কলেজ শাখার সভাপতি প্রান্ত, সাধারণ সম্পাদক রায়হানসহ ৩ নম্বর বরিশাল ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় অবস্থান করছেন।