রাজনীতি
‘পুরোনো সংবিধানের কথা বললে হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে’
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, যদি পুরোনো সংবিধানের কথা বলা হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখন প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে।
মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণভোট, বিচার, সংস্কার বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। আপনারা অযথা পানি ঘোলা করবেন না। গণভোটে আমরা হ্যাঁ এর পক্ষে ছিলাম। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে আদালতে। আমরা সেটা মানব না। জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে আদালতকে বিতর্কিত করবেন না। জনগণের রায়কে আদালতে নিয়ে গেলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।
আপনারা যদি সংবিধানের দোহাই দেন তাহলে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার হয় নাই। এই প্রধান বিচারপতি হয় নাই। তারেক রহমানের সরকারও সংবিধান অনুযায়ী হয় নাই।
বিএনপির উদ্দেশ্যে নাহিদ বলেন, আপনারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে অবিলম্বে দাবি জানাতে হবে। তাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না।
ভারতের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, জুলাই অভ্যুত্থানকে মেনে নিতে হবে এবং শরীফ ওসমান হাদির খুনিদের ফেরত দিতে হবে। তারপরেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের বিবেচনা করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে এনসিপির ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিভাগের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এনসিপির সদস্য সচিব এবং সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। এতে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহসহ বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।