রাজনীতি

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:০৯ পিএম

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

আজ বুধবার (১০ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড।

সাক্ষাৎটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

আলোচনায় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিষয়, দেশের উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলোও গুরুত্ব পায়। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রণীত ছায়া সরকার ও ছায়া বাজেট নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।

এছাড়া অভিবাসন প্রক্রিয়া, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্যিক অংশীদারত্ব এবং কূটনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ ধরনের আলোচনা ভবিষ্যৎ সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।