রাজনীতি

গাজী নজরুলের আসনে উপনির্বাচন হলে লড়তে চান হিরো আলম 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম

গাজী নজরুলের আসনে উপনির্বাচন হলে লড়তে চান হিরো আলম 
ছবিঃ সংগৃহীত

নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

একটি অডিওবার্তায় হিরো আলম বলেন, “আমার অনেক দিনের স্বপ্ন এমপি হওয়া। আমি চেয়েছিলাম, যদি কখনো সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে নির্বাচন করব। এখন যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই আমি দাঁড়াব। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে আক্রমণ করা হয় কি না। জামায়াত, বিএনপি নাকি এনসিপি—কে আমার ওপর হামলা করে, সেটাও দেখতে চাই। কয়েকবার নির্বাচনে লড়েছি, এবার দেখি জনগণ কী সিদ্ধান্ত নেয়।”

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার প্রার্থী হয়েছেন হিরো আলম। নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় তার ওপর হামলার অভিযোগও উঠেছিল। পরে কয়েকটি নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে তিনি সেগুলো বর্জনের ঘোষণা দেন।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আমজনতা দলের মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নেননি। এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

বগুড়ার একজন ক্যাবল অপারেটর থেকে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া হিরো আলম গত কয়েক বছরে রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নানা বিতর্ক ও আলোচনার জন্ম দিলেও সংসদ সদস্য হওয়ার লক্ষ্য থেকে তিনি সরে আসেননি।

উল্লেখ্য, নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় বহিষ্কার করেছে। দল জানিয়েছে, এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। তবে তার সংসদ সদস্য পদ শূন্য হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের।