রাজনীতি

প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:০৫ এএম

প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার 
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে ১১ দলীয় ঐক্য আবারও রাজপথে নামবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্যের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের পরও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে। তিনি দাবি করেন, দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তাই বিভেদ ভুলে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্তে পুশ-ইন, হত্যাকাণ্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সরকারপ্রধানের উদ্দেশে তিনি বলেন, দেশের অখণ্ডতা রক্ষা এবং জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিলে ১১ দলীয় ঐক্য সরকারকে সহযোগিতা করবে।

বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলটি জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। তার দাবি, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না হওয়াই বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট।

তিনি বলেন, “সংবিধান সংশোধন আর সংবিধান সংস্কার এক বিষয় নয়। জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে জনগণ ভোট দিয়েছে। তাই সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং জাগপার সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান।

এ ছাড়া সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।