রাজনীতি
জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি পূরণ না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুর লিখেছেন, “জি এম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”
এর কিছুক্ষণ আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন, তবে তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা জানা যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জাতীয় পার্টির অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়ে উসকানি দেয়।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে মোতায়েন হয়।
উল্লেখ্য, সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত সব বিতর্কিত নির্বাচনেই অংশ নিয়েছে। সংসদে তারা একদিকে বিরোধী দলের আসনে বসে, অন্যদিকে সরকার পরিচালনায় মন্ত্রিসভায়ও ভূমিকা রেখেছে।
গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি, আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিও সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। তাদের অভিযোগ, সরকারকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করা প্রয়োজন বলে তারা মনে করে।