প্রবাস
দুবাইয়ে লটারিতে ৬৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী সবুজ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘বিগ টিকিট’ লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন প্রবাসী বাংলাদেশি সবুজ। বিগ টিকিট সিরিজ ২৭৭-এর অধীনে টিকিট নম্বর ১৯৪৫৬০ দিয়ে তিনি জিতেছেন মোট ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৩ কোটি ৫৬ লাখ টাকা।
সবুজের এই বিশাল অঙ্কের পুরস্কার মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের মুহূর্ত তৈরি করেছে।
ড্রটির আয়োজকরা জানিয়েছেন, এই পর্বে আরও ছয়জন প্রতিযোগী পেয়েছেন ৫০ হাজার দিরহাম করে সান্ত্বনা পুরস্কার। পাশাপাশি ‘বিগ উইন হুইল’-এ অংশ নিয়ে চারজন পেয়েছেন ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার দিরহামের মধ্যে বিভিন্ন পুরস্কার।
প্রসঙ্গত, বিগ টিকিটের গত মাসের ড্রতেও বাংলাদেশিদের কপাল খুলেছিল। তখন ৪৩ বছর বয়সী এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল জিতেছিলেন ২৫ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯ কোটি টাকা।
এদিকে, আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আগস্ট মাসের গ্র্যান্ড ড্র। যেখানে বিজয়ী পাবেন ১৫ মিলিয়ন দিরহাম। একই রাতে আরও ছয়জন এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার জিতবেন।
১ থেকে ২৫ আগস্টের মধ্যে যারা একসঙ্গে দুটি বা তার বেশি টিকিট কিনবেন, তারা পাবেন লাইভ ড্র-এ সরাসরি অংশ নেওয়ার সুযোগ। এখান থেকে নির্বাচিত চারজন প্রতিযোগী জিততে পারেন ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত নিশ্চিত পুরস্কার। অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করা হবে ১ সেপ্টেম্বর বিগ টিকিটের অফিসিয়াল ওয়েবসাইটে।
এছাড়া আগস্ট মাসের বিশেষ আকর্ষণ হিসেবে একজন বিজয়ী জিতে নেবেন একটি বিএমডব্লিউ M440i সিরিজের বিলাসবহুল গাড়ি, যার ঘোষণাও আসবে ৩ সেপ্টেম্বরের ড্র-তে।