প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ হাজারেরও বেশি অভিবাসী আটক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ হাজারেরও বেশি অভিবাসী আটক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ বিপুল সংখ্যক অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৩৫ হাজার ২২৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, এ সময় সারা দেশে ৯ হাজার ৫০০টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ ৫২ হাজার বিদেশির কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে বৈধ কাগজপত্রে ঘাটতি ও মেয়াদোত্তীর্ণ থাকার কারণে হাজারো মানুষকে আটক করা হয়।

আটক অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও বাংলাদেশের নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। কেউ বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেছিলেন, কেউ আবার মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিলেন। অনেক ক্ষেত্রে বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিটের অপব্যবহার করার অভিযোগও পাওয়া গেছে।

শুধু অভিবাসী নয়, অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১ হাজার ৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আটকাদেশ ও ফেরত পাঠানোর আদেশ জারি হওয়ার পর সর্বোচ্চ ১০ দিনের মধ্যে তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।