প্রবাস

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮২ হাজার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এএম

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮২ হাজার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করা প্রবাসী ভোটারের সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে এই নিবন্ধন কার্যক্রমে প্রতিদিনই নতুন ভোটার যুক্ত হচ্ছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট ৪ লাখ ৮২ হাজার ৮০৬ জন প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

ইসি কর্মকর্তারা জানান, গত ১৯ নভেম্বর থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে ভোটগ্রহণের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিবন্ধনও সম্পন্ন করা হচ্ছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা ভোটারদের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তাদের নিবন্ধন কার্যক্রম চলবে ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বর্তমানে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, লিবিয়া, মরিশাস, হংকং, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়া, আলজেরিয়া, মরক্কো, তানজানিয়া, ঘানা, সোমালিয়া, রুয়ান্ডা, আর্জেন্টিনা, পেরু ও জিম্বাবুয়েসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এই নিবন্ধন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারদের দেওয়া ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা নির্ধারিত ব্যালটে ভোট প্রদান করে ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

প্রবাসী বাংলাদেশিদের এই অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।