প্রবাস
কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ অন্তত ১৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) ভোররাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
ইমিগ্রেশন বিভাগ জানায়, নগরীর চৌকিট ও জালান ক্লাং লামা এলাকায় অবৈধভাবে বসবাস ও কর্মসংস্থানের অভিযোগে এসব অভিযান চালানো হয়। অভিযানে রাজধানীতে অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজের একটি বিস্তৃত চিত্র উঠে এসেছে।
ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, চৌকিট এলাকার একটি পুরোনো অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৭৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ জন নারী রয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে অভিযানটি শুরু হয়, যা দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফল। তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকাটি আগে থেকেই অবৈধ অভিবাসীদের ঝুঁকিপূর্ণ আবাসস্থল হিসেবে চিহ্নিত ছিল।
ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, আটক হওয়া ব্যক্তিদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের অনুমতি না থাকা, পাশাপাশি নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ আনা হয়েছে।
আটক অভিবাসীদের মধ্যে রয়েছেন ৩৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ২৫ জন বাংলাদেশি, ১০ জন নেপালি, দুইজন ভারতীয়, দুইজন পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিক। বাকি আটকরা বিভিন্ন দেশের নাগরিক বলে জানায় কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।