প্রবাস

ইতালিতে ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে পরিবারকে দেখালো বড় ভাই 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:৫৮ পিএম

ইতালিতে ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে পরিবারকে দেখালো বড় ভাই 
ছবিঃ সংগৃহিত

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। তারা দুই ভাই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামের মো. দেলোয়ার শেখের ছেলে। 

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন শেখকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন। এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

পরে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

এদিকে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে শুনেছি। ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে।’