প্রবাস

মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের মিল্লাত


প্রবাস ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম

মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের মিল্লাত
ছবি: সংগৃহীত

জীবিকার তাগিদে এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমানো এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে কর্মস্থলেই। নির্মাণকাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে প্রাণ হারান মো. মিল্লাত হোসেন (৪০)।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির বাসিন্দা। প্রায় ১০ বছর আগে পরিবারের জীবিকা নির্বাহ ও স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি মালয়েশিয়ায় যান। সেখানে তিনি দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তার পরিবারে স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।

নিহতের ভাই এবং পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন বলেন, কাজের সময় ১০ তলা ভবন থেকে পড়ে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এমন সংবাদ কখনোই শুনতে হবে ভাবিনি। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে শোকের মাতম চলছে।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।